ফেইসবুকে ‘ঈদ উৎসব’

২৩ এপ্রিল, ২০২৩ ১০:৪৮  

ঈদে এক পশলা বৃষ্টিতে তপ্ত বঙ্গ হয়েছে প্রশান্ত। ছুটির অবসরে পরিবার-পরিজন কিংবা সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটচ্ছেন তারকারা। আর এই সেই মুহূর্তগুলো ফেসবুক-এ শেয়ার করে ঈদের আনন্দ রাঙাচ্ছেন ভক্তদেরও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রমিথিউস ব্যান্ডের প্রধান গায়ক বিপ্লব বলেছেন, ‘ঈদের আনন্দ তো এখন ফেইসবুকে।

এ কথার বাস্তব নিদর্শন দেখা যায় ব্যান্ডপ্রিয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজে। সড়ক লাগোয়া আদিগন্ত পাকা ধানের ক্ষেতে সপরিবারে দারুণ কিছু মুহূর্তের ছবি দিয়ে সবাইকে ঈদ মোবারাক জানিয়েছেন চলন বিলের এই ‘দুরন্ত মাঝি’।

ঈদে পারিবারিক মুহূর্তের কোনো ছবি না দিলেও বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মাদ আবদুল হামিদের সঙ্গে হাস্যোজ্বল ছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ‘ঈদ মোবারক’ উদ্বোধনী খাম প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ওদিকে সৌদি আরবে সপরিবারে ওমরাহ করতে গিয়ে সাগরকে ব্যাকগ্রাউন্ডে রেখে গোলাপ ফুল দিয়ে স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানানোর ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছেন  সাংসদ ও তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

এছাড়াও মাগুরায় পরিবারের সঙ্গে এবারের ঈদুল ফিতর উদযাপন করে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার ছবি শেয়ার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যাপশনে লিখেছেন, ‘নিজের শেকড়কে কখনো ভুলে যেও না।’

সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে অভিনেতা শাকিব খান লিখেছেন, ‘সবার ঈদ হোক সুন্দর, নিরাপদ এবং “লিডার আমিই বাংলাদেশ”–এর সঙ্গে। ঈদ মোবারক।’

 চাঁদরাতে প্রকাশ পাওয়া ‘সবই ভুল’ অ্যালবাম ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে ঈদের শুভেচ্ছায় জেমস তার পেজে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা। ঈদ মোবারক।’